বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম। বুধবার দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী, জামায়াতের জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল হোসাইন ও আব্দুল খালেক মোল্লা, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আবু বকর সিদ্দিক, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল আলীম উপস্থিত ছিলেন।
মাওলানা আব্দুল হাকিম ইতিপূর্বে বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বনপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছেন।
