গুলির ঘটনায় মামলা নেয়নি পুলিশ, হাবিবের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় থানায় দায়ের করা এজাহার নিয়মিত মামলা হিসেবে গ্রহণ না করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে মামলা গ্রহণ, হামলায় জড়িতদের গ্রেপ্তার, আহতদের সুচিকিৎসা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ঈশ্বরদী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মেহেদী হাসান। এতে বলা হয়, গত ২৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। এতে ছাত্রদলের পাঁচজন নেতাকর্মী গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধদের মধ্যে ছাত্রদল নেতা রিশাদের পায়ের গোড়ালিতে, মো. সিজানের বাম পায়ের হাঁটুর নিচে, মাহিনের ডান পায়ের মাংসপেশিতে এবং রিফাতের বাম পায়ের গোড়ালিতে গুলি লাগে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

ঘটনার পর আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে ছাত্রদল নেতা রিশান বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত এজাহার দাখিল করেন। এতে আওয়ামী লীগের চিহ্নিত ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের সঙ্গে আহতদের ছবি, চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন, কল রেকর্ড ও ঘটনার ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের প্রভাবে ঈশ্বরদী থানা-পুলিশ এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করছে না। তাদের দাবি, পুলিশ আহতদের খোঁজখবর না নিয়ে উল্টো হামলাকারীদের বাড়িঘর পরিদর্শন করছে। এতে হামলাকারীরা আরও নাশকতামূলক কর্মকাণ্ডে উৎসাহিত হতে পারে এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মনোবল বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—অবিলম্বে এজাহারটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনা; আহত নেতাকর্মীদের সুচিকিৎসা এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা; রাজনৈতিক প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে পুলিশকে নিরপেক্ষভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া।

এদিকে, একই ঘটনায় দায়ের করা এজাহারে প্রধান আসামি হিসেবে নাম আসা মেহেদী হাসান নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করার পর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দলের পক্ষ থেকেই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, তিনি আদৌ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কি না কিংবা ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কি না, তা যাচাই-বাছাই করা হয়েছে কি না। দলের সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে ‘নোংরা খেলা’র অভিযোগ তুলে মেহেদী হাসান বলেন, এ মামলা তারই বহিঃপ্রকাশ।

সংবাদ সম্মেলনে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।