রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জনকে জেল হাজতে

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিলের পর ৮ শিশুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গতকাল রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হুজরাপুর গ্রামে মশাল মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গোপালপুর গ্রামে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মিছিল করবেন-এমন খবর পেয়ে সেখানে অবস্থান নেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা হুজরাপুর গ্রামে চলে যান। সেখানে কয়েক মিনিট মিছিল করে তাঁরা পালিয়ে যান। শহীদুল ইসলাম বলেন, মিছিলকারীরা গোপালপুর থেকে হুজরাপুরে যাওয়ায় পুলিশের ধারণা ছিল, তাঁরা আবার একই পথে ফিরবেন। এ কারণে রাজাবাড়ীহাট এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে মিছিল শেষে দুটি অটোরিকশায় করে ফেরার পথে ১৫ জনকে আটক করা হয়। পুলিশের তালিকা অনুযায়ী, আটক ১৫ জনের মধ্যে আটজন শিশু এবং সাতজন প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক আটক ব্যক্তিরা হলেন-ইদলপুর গ্রামের শাহাবুল ইসলাম (২৭), সুলতানগঞ্জ গ্রামের আব্দুল গাফফার (২০), রঘুনাথপুর গ্রামের মো. হামিদ (২১), ফরিদপুর গ্রামের সিফাত আলী (১৮) এবং মাধবপুর গ্রামের সজিব আলী (১৮), আবীর হাসান (২০) ও আসাদুল ইসলাম রুবেল (২০)। পুলিশ তাঁদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেছে। পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের গোদাগাড়ী থানায় পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার আদালতে পাঠানো হয়েছে।#