ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে এই বিরোধের সূত্রপাত হয়। বর্তমানে এলাকায় দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান ও মহড়া অব্যাহত থাকায় যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বিএনপির একাংশের অভিযোগ, কামাল উদ্দিনের বাড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া গত শনিবার সন্ধ্যার পর থেকে রাতভর তাঁর আশ্রয়-প্রশ্রয়ে জাউয়াবাজার এলাকায় মোটরসাইকেল নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করা হয়। এর আগে গত ১৯ নভেম্বরের লকডাউনকে সামনে রেখে তাঁর আপন ছোট ভাই ও ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হলে বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করেন।
বিরোধী পক্ষের নেতাকর্মীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর কামাল উদ্দিন কতিপয় স্বার্থান্বেষী নেতার ছত্রচ্ছায়ায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের পদ বাগিয়ে নেন। এই পদ লাভের পেছনে তাঁর যুক্তরাজ্যপ্রবাসী মামা আজির উদ্দিন ও জাউয়াবাজারের মেঘনা বেকারির মালিক উজ্জ্বল আহমদের অর্থের জোগান রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
পদে আসার পর থেকেই তিনি ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে নিজের দুই ভাই—যুবলীগ সভাপতি হেলাল উদ্দিন ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম উদ্দিনসহ আওয়ামী ক্যাডারদের নিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির ১১ সদস্যের আহ্বায়ক কমিটির মধ্যে ১০ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনসহ কেন্দ্রীয় নেতাদের বরাবর পাঠানো হয়েছে। গত ১০ সেপ্টেম্বর দাখিল করা ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৮ সেপ্টেম্বর বিএনপির এক জরুরি সভার খবর পেয়ে কামাল উদ্দিন কৃষক দল নেতা ছাদির মিয়াকে ফোনে সভায় উপস্থিত নেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন, যার অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে গত শনিবার রাত ৯টায় জাউয়াবাজারের রয়েল কনভেনশন হলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ও আহ্বায়ক কমিটির ১০ সদস্য এক জরুরি বৈঠক করেন। বৈঠকে যেকোনো বিতর্কিত মিছিল প্রতিহতের সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাতক উপজেলা বিএনপির স্বাক্ষরপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বকুল ১০ সদস্যের স্বাক্ষরিত লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে হেলাল উদ্দিন, আজির উদ্দিন ও উজ্জ্বল আহমদকে সরকারবিরোধী হিসেবে উপস্থাপন করে অপপ্রচার ও এলাকায় উত্তেজনা সৃষ্টির বিষয়টি পুলিশের নজরে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং সরকারবিরোধী কোনো মিছিল করতে দেওয়া হবে না।
বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেম্বার আব্দুর রহিমএসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন
এলাকাবাসী ও সচেতন মহল বিএনপির নেতাকমীদের
দাবি, বড় কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের পাশাপাশি বিএনপির উচ্চপর্যায় থেকে অভিযোগগুলোর দ্রুত নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
