মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
চাটমোহর ডেন্টাল সার্জারি’র আয়োজনে ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে একশতাধিক এর বেশি রোগীকে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ মোড় এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চাটমোহর রংধনু ক্লাবের সভাপতি তৌহিদুল ইসলাম তাইজুল। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট ক্রীড়াবিদ রবিউল করিম রবি, বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুল বারী গুরু, ছাত্র নেতা সেজান, পবিত্র আচার্য প্রমুখ।
আয়োজক ডাঃ মোঃ নাহিদ হাসান জানান, গ্রামের দুঃস্থ লোকজন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে হাজার হাজার টাকা গুণতে হয়। অনেক লোকজন অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। তাদের কথা চিন্তা করে “চাটমোহর ডেন্টাল সার্জারি” এর উদ্যোগে ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় চিকিৎসা সেবা, চলে বিকেল পর্যন্ত। একশতাধিক এর বেশি রোগী এ মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্র পেয়েছে। বিভিন্ন প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।
তিনি জানান, ক্যাম্পে ৫জন বিশেষজ্ঞ ডেন্টাল চিকিৎসক সেবা দিয়েছেন। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবীরাও তাদের মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেছে।
চাটমোহর ডেন্টাল সার্জারি’র স্বত্বাধিকারী ডাঃ মোঃ নাহিদ হাসান বলেন, আমরা এ অঞ্চলের মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিতে আসছি। এলাকার মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধপত্র পায়, সেটাই আমাদের লক্ষ্য। জনসেবা হিসেবেই এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন।
তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, চিকিৎসা ক্যাম্পে দাঁত তোলা, দাঁত পরিষ্কার, স্কেলিং করা, দাঁতের গর্ত পূরণ, কালার ফিলিং, দাঁত ও মুখের সকল প্রকার সার্জারি, মুখের ক্ষত ও ক্যান্সার স্ক্রেনিং করা, শিশুদের দাঁত তোলাসহ বিভিন্ন প্রকার দাঁতের চিকিৎসা করা হয়েছে। এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি আগত রোগীরা।
