শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

ইয়ানূর রহমান: যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার আফিল জুট মিলের সামনে থেকে ২৪ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ বিজিবি সদস্যরা জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে । সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।

আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন প্রেস ব্রিফিংয়ে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় জালাল উদ্দিনকে আটক করা হয়। পরে তাঁর শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারটি পাওয়া যায়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা। এ ছাড়া মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ ৩ হাজার ২৪০ টাকাসহ জব্দ করা মালামালের মোট মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।