সুন্দরগঞ্জে তারাপুরের ২২ পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ২২টি দুর্গাপূজামণ্ডপে আর্থিক সহায়তা ও পূজার উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে চাচিয়া মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরগঞ্জ থানার এসআই মো. তৈয়ব আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সরকার ও সাধারণ সম্পাদক আল্পনা গোস্বামী। এ সময় ইউনিয়নের ২২টি পূজামণ্ডপের পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা চলাকালে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপকে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা ও পূজার উপকরণ বিতরণ করা হয়।

জানা গেছে, চলতি বছর সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৩৯টি মন্দির ও মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে তারাপুর ইউনিয়নে ২২টি পূজামণ্ডপ রয়েছে।