দলে ফিরে জুয়েলের ঐক্যের ডাক, বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীর ৫ যুবদল নেতার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:

দীর্ঘ ৯ মাস পর আবারও যুবদলে ফিরেছেন পাবনার ঈশ্বরদীর বহিষ্কৃত পাঁচ নেতা। দলীয় সিদ্ধান্ত, শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি কেন্দ্রীয় যুবদল তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আগের পদে পুনর্বহাল করেছে। দলে ফিরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ভুলে ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান জানিয়েছেন নেতারা।

গত ২১ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদে পুনর্বহাল করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী পৌর শহরের রেলগেট ট্রাফিক মোড় এলাকায় দলে ফেরা নেতাদের স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল ও সংবর্ধনার আয়োজন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতাকর্মী। এ সময় নেতাকর্মীরা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ভুলে আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলা এবং তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন—ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন, মো. আক্তারুজ্জামান রাজু, এনামুল হক আতিয়ার ও সদস্য মতিউর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে জাকির হোসেন জুয়েল বলেন, ‘দল যখন যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সব সময় তা মাথা পেতে গ্রহণ করেছি। আজ দলীয় সিদ্ধান্তেই আবার দলে ফিরতে পেরেছি। সারাদেশে আওয়ামী লীগ যে নৈরাজ্য ও অস্থিরতা তৈরি করেছে, তা মোকাবিলায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বিগত সময়ে যা হয়েছে, সব ভুলে বিএনপিকে শক্তিশালী করতে হবে। এসব নৈরাজ্যবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই মিলে সুন্দর, পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ রাজনীতি করতে চাই।’

তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীকে অতীতের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।