বেড়ার চরাঞ্চলে নদীর ভাংগনে বিলীন ফসলি জমি।

ওসমান গনি, বেড়া (পাবনা)
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চরাঞ্চল হাটাইল আড়ালিয়া গ্রামে অসময়ে যমুনা নদীর ভাংগন দেখা দিয়েছে। গত তিন দিনে এ এলাকায় নদীর ভাংগনে মাষকলাই ফসল সহ প্রায় ৩০ বিঘা বিভিন্ন ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভাংগনের সম্মুখীন হয়ে পরেছে চর নাগদাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। যেকোন মুহুর্তে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা করেছেন এলাকার লোকজন। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. লুতফর রহমান বলেন, জরুরি ভিত্তিতে ভাংগন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে শিক্ষা প্রতিষ্ঠান সহ আশপাশের অনেক বসতি ও ফসলের জমি নদি গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে।
হাটাইল আড়ালিয়া গ্রামের সোনামিয়া বলেন, তার ২ বিঘা, আলামিনের আড়াই বিঘা, আবুসামা বেপারির দুই বিঘা, টিক্কা মীরের এক বিঘা, আয়ুব মীরের দেড় বিঘা, জামাল প্রামানিকের এক বিঘা, তোফাজ্জল মীরের দুই বিঘা ফসলি জমি সহ আরও অনেকেরই চাষাবাদের জমি নদীতে বিলীন হয়ে যাওয়ায় তারা ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা হয়ে পরেছেন। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ মোল্লা বলেন ৩-৪ দিনের যমুনা নদীর ভাংগনে প্রায় ৩০ বিঘা বিভিন্ন ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তিনি বলেন ভাংগনে ভীতসন্ত্রস্ত হয়ে অনেকেই আগে থেকেই বাড়ীর ঘর দরজা অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।এ রিপোর্ট মঙ্গলবার লেখা পর্যন্ত নদীর ভাংগন অব্যহত রয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন।