ডিবির পৃথক অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
পাবনায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বাক্সীডাঙ্গী গ্রামে মুজিব বাঁধসংলগ্ন খালের দক্ষিণ পাশে বিএডিসির সেচপাম্প ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বাক্সীডাঙ্গীর মোতাহার হোসেন শেখ (৪৫), শুকচর এলাকার কুতুব উদ্দিন বিশ্বাস (৩০) এবং ভাদুরিয়া ডাঙ্গী এলাকার ইয়াছিন ওরফে ইছিন (৩৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার দিকে সেচপাম্প ঘরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে ৫০ পিস করে মোট ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চরতারাপুরসহ পাবনার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।