ওসমান গনি বেড়া পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৫ বোতল কোডিনযুক্ত মাদক এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বেড়া মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বেড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স থানা এলাকার পোর্ট এর তিন রাস্তার মোড়ে নাইট ডিউটি ও চেকপোস্ট পরিচালনায় নিয়োজিত ছিল। এসময় বৃশালিখা ঘাট দিক থেকে মোহনগঞ্জ বাজারের অভিমুখে একটি প্রাইভেট কার আসতে দেখে পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি দ্রুত পেছনে ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে গাড়িটি আটকে দেন। পরবর্তীতে গাড়িতে থাকা ৩ জন আরোহীকে নামিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গ্রেফতারকৃতদের পরিহিত ফুলপ্যান্টের পকেট থেকে ভারতের তৈরি ‘Laborate’ ফেন্সিডিল/কোডিন সিরাপ ১৫ বোতল (প্রত্যেকের নিকট থেকে ৫ বোতল করে) এবং তাদের কাছে থাকা মাদক বিক্রির নগদ ৬০,০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—১) বেড়া থানার সাহাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে মো. সাব্বির হোসেন (২৬), ২) একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে মুকুল হোসেন (৩৬) এবং ৩) সাঁথিয়া থানার উত্তরপাড়া গ্রামের লিটন প্রাং এর ছেলে তামিম হোসেন (২২)।
এ ঘটনায় বেড়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০২, তারিখ: ০৩/০৯/২০২৬ খ্রিঃ)।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, “আমরা মাদক উদ্ধারে বদ্ধপরিকর। সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে। মাদকের কোনো তথ্য পাওয়া মাত্রই সাথে সাথে অভিযান চালানো হবে এবং মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থান বজায় রাখব।
