অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে:
ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব বাগধা (দাসপাড়া) গ্রামে। স্কুল মাঠের পশ্চিম প্রান্তে মসজিদ, পূর্ব প্রান্তে দুর্গামন্দির। এক পাশে জামাতে নামাজ আদায় করছেন মুসল্লিরা, অন্য পাশে চলছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মাঝের মাঠে হিন্দু-মুসলিম শিশু-কিশোরদের একসঙ্গে খেলাধুলা।
সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বাগধা দাসপাড়া এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠের পশ্চিম প্রান্তে বাগধা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাইতুল আমান জামে মসজিদ। মাঠের পূর্ব পাশে রয়েছে সনাতনী হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন দুর্গামন্দির। আছরের আজানের আগে মন্দিরের মাইক ও বাদ্যযন্ত্র বন্ধ রাখা হয়। আজান ও জামাতে নামাজ শেষে আবার শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ ওয়াক্ত নামাজের সময় মন্দিরের মাইক ও বাদ্যযন্ত্র বন্ধ রাখার নির্দেশনা টাঙিয়ে দিয়েছে পূজা উদ্যাপন কমিটি। অন্যদিকে, দুর্গাপূজার অনুষ্ঠানেও সহযোগিতা করেন মুসলিম সম্প্রদায়ের লোকজন। দুই ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন।
মন্দিরে পূজা, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও আরতির পাশাপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নিচ্ছেন। দূরদূরান্ত থেকেও পরিবার নিয়ে আসছেন দর্শণার্থীরা। মাঠে শিশু-কিশোরদের খেলাধুলায়ও নেই ধর্মের কোনো বিভাজন।
বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, একই মাঠের দুই প্রান্তে মসজিদ ও মন্দিরসহ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ও একটি নিবন্ধিত ক্লাব রয়েছে। তার ২৪ বছরের চেয়ারম্যান থাকাকালে এসব স্থাপনার অধিকাংশ নির্মিত হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে ধর্মীয় অনুষ্ঠান পালন করা এলাকার মানুষের জন্য গর্বের বিষয়।
মসজিদের মুসল্লী মো. খলিল মিয়া বলেন, “আমরা হিন্দু-মুসলিম সবাই পাশাপাশি বাড়িতে মিলেমিশে বসবাস করি। একই মাঠে মসজিদ ও মন্দির থাকলেও ধর্মীয় অনুষ্ঠান পালনে কখনো কোনো সমস্যা হয়নি।”
পূর্ব বাগধা দাসপাড়া সার্বজনীন দুর্গামন্দির কমিটির যুগ্ম সম্পাদক উজ্জ্বল দাস জানান, ১৯৯০ সালে মাঠের পূর্ব পাশে মন্দির প্রতিষ্ঠা করা হয়। পরে ২০০৭ সালে পশ্চিম প্রান্তে নির্মিত হয় জামে মসজিদ। এরপর থেকে দুই সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।
মসজিদ, মন্দির, বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের ভূমিদাতা বিমল দাস বলেন, তার বাবা নীলকান্ত দাস, কাকা রাখাল চন্দ্র দাস ও ভাই কালিপদ দাস এসব প্রতিষ্ঠানের জন্য জমি দান করেছেন। বাপ-দাদার আমল থেকেই তাদের পরিবার হিন্দু-মুসলিম সম্প্রীতি ও সুসম্পর্ক বজায় রেখে বসবাস করছে।
স্থানীয় মুসল্লী মো. আলী আজগর হাওলাদার বলেন, নামাজের সময় মন্দিরের মাইক ও বাদ্যযন্ত্র বন্ধ রাখা হয়। একইভাবে পূজা-অর্চনার সময় তারাও সহযোগিতা করেন। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতাই তাদের সহাবস্থানের মূল ভিত্তি।
ধর্মীয় আচার পালনে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সহযোগিতার মধ্য দিয়ে পূর্ব বাগধা দাসপাড়া গ্রাম হয়ে উঠেছে অসাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
