হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বসতবাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযুক্ত পক্ষের মো. জলিল মিয়া বলেন, প্রকাশিত প্রতিবেদনে তাঁদের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জমি নিয়ে বিরোধের জেরে তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বিরোধপূর্ণ জমিটি তাঁদের মালিকানাধীন। জমি নিয়ে বিরোধের বিষয়টি নিয়ে আইনগতভাবে অভিযোগও করা হয়েছে। এরপরও ওই জমিতে প্রতিপক্ষ ঘর নির্মাণের কাজ করছিলেন। বিষয়টি নিষেধ করতে তাঁরা সেখানে গিয়েছিলেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে চাঁদা দাবি, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা যাচাই না করে একপক্ষের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের ফলে তাঁদের সামাজিক ও পারিবারিকভাবে হেয় হতে হয়েছে। ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাই করার আহ্বান জানান তিনি।
এ সময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
