খালেদ আহমেদ :
পাবনা জেলার আত্রাই নদী (লোয়ার) জরুরি ভিত্তিতে পরিষ্কার ও কচুরিপানা অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন জমা দিয়েছেন রিভারাইন পিপল পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (২৫ নভেম্বর) রিভারাইন পিপল পাবনা জেলা শাখার সভাপতি ড. মনছুর আলমের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে এ আবেদন জমা দেন।
আবেদনে উল্লেখ করা হয়, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দড়িজগনাথপুর এলাকায় ইছামতি নদী থেকে উৎপত্তি হয়ে বেয়াইলমারী, বনগ্রাম, চিনাখড়া, কাশিনাথপুর ও মাসুমদিয়া হয়ে রতনগঞ্জ-তালিমনগর সুইসগেটের কাছে বাদাই নদীতে মিলিত হয়েছে আত্রাই লোয়ার নদী। প্রায় ৪৭ কিলোমিটার দীর্ঘ ও ৭০ মিটার প্রস্থের এ নদীর অধিকাংশ অংশ কচুরিপানায় ঢেকে গেছে।
এছাড়া নদীতে ময়লা-আবর্জনা, পলিথিন, হাট-বাজারের বর্জ্য, মুরগির উচ্ছিষ্ট, ক্লিনিক্যাল বর্জ্য ও শিল্পকারখানার বর্জ্য ফেলা হচ্ছে। ফলে নদীর পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে মাছ ও জলজ প্রাণীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। হুমকির মুখে পড়ছে মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য।
আবেদনে নদী থেকে দ্রুত কচুরিপানা অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের বিশেষ হস্তক্ষেপ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এসএম মাহবুব আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমেদ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক জাফর সাদেক, কবি ফিরোজা খান ও জাহানারা বেগম বিজলী।
