ভাঙ্গুড়ায় জামায়াতের চেয়ারম্যান-মেয়র প্রার্থী হলেন নূর ও বাহার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম। গত বুধবার উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক এসএস সোহেল এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা যায়, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাফিজ উদ্দিন বাহারকে মেয়র পদে, বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ হালিম মজহার নূরকে উপজেলা উপজেলা চেয়ারম্যান পদে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। এ সময় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমির মজিবর রহমান,পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, পৌর মেয়র প্রার্থী হাফিজ উদ্দিন বাহার ২০০১ সালে ভাঙ্গুড়া পৌরসভায় চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তবে ওই নির্বাচনে তিনি জয়ী না হলেও শিক্ষা, সামাজিক ও সংস্কৃতিক ক্ষেত্রে কাজ করে রাজনৈতিক অঙ্গনে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। এছাড়া ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি ভাঙ্গুড়ায় চাঁদাবাজি এবং অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদী ও সোচ্চার ভূমিকা পালন করেন। ফলে সাধারণ মানুষের কাছে হাফিজ উদ্দিন বাহারের গ্রহণযোগ্যতা আরো বেড়ে যায়।

অপরদিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হালিম মজহার নূর কর্মজীবনে উল্লাপাড়া বিজ্ঞান স্কুল এন্ড কলেজ সহ দেশের একাধিক নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনিও তার কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় শিক্ষাবিদ হিসেবে পরিচিতি অর্জন করেছেন। গত কয়েক মাস ধরে তিনি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগর এর পক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামগ্রী বিতরণ করেন।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি। এসব প্রার্থীরা হলেন- মাওলানা মহির উদ্দিন-খানমরিচ ইউনিয়ন, আজিজুর রহমান শফি-ভাঙ্গুড়া ইউনিয়ন, রেজাউল করিম-পারভাঙ্গুড়া ইউনিয়ন, মাওলানা জহুরুল ইসলাম-মন্ডতোষ ইউনিয়ন, ফজলুর রহমান মাস্টার- দিলপাশার ইউনিয়ন ও মাওলানা আব্দুল লতিফ- অষ্টমনিষা ইউনিয়ন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মজিবর রহমান আমার দেশকে জানান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নাম ঘোষণার আগে উপজেলা কর্মপরিষদের সদস্যদের সভার সিদ্ধান্ত ও মেয়র পদে পৌরসভার দলীয় নেতাদের গোপন ভোট অনুষ্ঠিত হয়।