খালেদ আহমেদ :
পাবনায় আশার আলো অটিজম চাইল্ড কেয়ার সেন্টারের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিষু। এ সময় তিনি প্রতিষ্ঠানটির পাশে থাকার এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় শহরের গোপালপুর মুনসেফ বাবু রোডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি।
প্রতিষ্ঠানে পৌঁছালে শিক্ষার্থীরা অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। পরে অতিথিরা বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিশুদের পাঠদান ও প্রশিক্ষণ পদ্ধতি ঘুরে দেখেন। পাশাপাশি শিশুদের বিনোদন ও খেলাধুলার সামগ্রী এবং স্থান পরিদর্শন করেন। এ সময় শিশুদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন তাঁরা। পরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালকদের সঙ্গে আলোচনায় প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন।
পরিদর্শন শেষে জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিষু বলেন, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছেন। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাভাবিক জীবনযাপনের উপযোগী করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটির ভূমিকা দেখে তিনি অভিভূত। একজন অভিভাবক হিসেবে এসব শিশুর পাশে দাঁড়ানো সবার দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগতভাবে সব সময় প্রতিষ্ঠানটির খোঁজখবর রাখবেন এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। পাশাপাশি জেলা পরিষদের প্রশাসক হিসেবে আইনগতভাবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবেন। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও বড় পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১০ জন শিক্ষক রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি বাড়িতেও এসব শিশুর বিশেষ যত্ন নিতে হয়। তিনি বলেন, জনগণের জন্য রাজনীতি করেন, তাই এসব শিশুর দায়িত্ব সমাজের সবাইকে নিতে হবে।
প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে এসে এর কার্যক্রম দেখে তিনি অভিভূত হয়েছেন উল্লেখ করে সিদ্দিকুর রহমান বলেন, সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠানটিকে আরও বড় করতে হবে। পর্যায়ক্রমে জেলা প্রশাসক, পাবনা-৫ আসনের সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এতে প্রতিষ্ঠানের বাইরের অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের অভিভাবকরাও অনুপ্রাণিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম শরিফ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেরিনা ইসলাম, পরিচালক মাহফুজা আক্তার ও নজরুল ইসলাম এবং সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ।
উল্লেখ্য, নানা বাধা-বিপত্তি ও আর্থিক সংকটের মধ্যেও দুই বছর ধরে দক্ষ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আসছে। এর মধ্যে রয়েছে কথা বলা, স্বাভাবিক জীবনযাপনের দক্ষতা অর্জন, নিজের যত্ন নেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা, হাতে-কলমে অক্ষর চেনা, লেখা শেখা, ছবি আঁকা, খাওয়া-দাওয়া এবং টয়লেট ব্যবহারের প্রশিক্ষণসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজ শেখানো।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় পরিচালিত হচ্ছে। পাশাপাশি রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।
