বকশীগঞ্জে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পেশার মর্যাদা রক্ষা ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০ টায় উপজেলা হাসপাতাল চত্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফারিয়া’র বকশীগঞ্জ শাখার উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন ফারিয়ার বকশীগঞ্জ শাখার সভাপতি আবদুল মালেক, ফারিয়ার সাধারণ সম্পাদক শাহরিয়ার মুকুল, বেক্সিমকো কোম্পানি প্রতিনিধি সাবেদুল ইসলাম, গ্লোব ফার্মার প্রতিনিধি ইলিয়াছ মিয়া ও ফারিয়ার ধর্ম বিষয়ক সম্পাদক সুলতানুল আরেফিন আদিত্য প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ মে ঢাকা মেডিকেলে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল আখ্যা দিয়ে যেভাবে হেনস্তা করা হয়েছে তাতে আমরা ব্যাথিত হয়েছি। আমরা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি। আমরা দালাল নই। তাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেম স্মারকলিপি প্রদান করেন ফারিয়ার নেতৃবৃন্দ।