সংস্কৃতি মন্ত্রীর একান্ত সচিব হলেন হরিপুরের কৃতি সন্তান আল মারুফ

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১নং গেদুরা ইউনিয়নের পাঁচঘড়িয়া গ্রামের কৃতি সন্তান ও বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯তম ব্যাচের চৌকস কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন। সরকারের এই গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগের খবরে পুরো জেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে।
গত ১২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়। সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আল মারুফকে (পরিচিতি নম্বর: ১৫৫৭৭) সংস্কৃতি মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হয়।
মোহাম্মদ আল মারুফ মাঠ প্রশাসন ও সচিবালয়ে তার দীর্ঘ কর্মজীবনে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বিসিএস ২৯তম ব্যাচের এই মেধাবী কর্মকর্তা ২০২৪ সাল থেকে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগেও তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে দায়িত্ব পালন করে প্রশাসনিক মহলে প্রশংসিত হয়েছেন।

গেদুরা ইউনিয়নের পাঁচঘড়িয়া গ্রামের সাধারণ মানুষের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের মতে, হরিপুরের সীমান্তবর্তী ইউনিয়ন থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে সরকারের এমন একটি গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী পদে দায়িত্ব পাওয়া পুরো উপজেলার জন্য এক বিশাল প্রাপ্তি। মোহাম্মদ আল মারুফের এই অর্জন ঠাকুরগাঁও জেলার এবং বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলা পরিষদে বর্তমানে দায়িত্বরত মোহাম্মদ আল মারুফ খুব শীঘ্রই বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করবেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে তার নতুন কর্মস্থলে যোগদান করবেন। তবে কক্সবাজার জেলা পরিষদে এখনো নতুন কোনো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়নি।