বগুড়া প্রতিনিধি:
বগুড়া-৬ (সদর) আসনে একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের দায়ে জামায়াতে ইসলামীর এক নেতা ও তার কর্মীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাসিরুল ইসলাম যিনি বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি বলে জানা গেছে। অন্যজন জামায়াতের আরেকজন কর্মী আব্দুল বারী।
অভিযানের নেতৃত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, রাত ১০টার দিকে খবর আসে ১০ থেকে ১৫ জন ব্যক্তি ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনাধিকার প্রবেশ করেছেন। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে নাসিরুলকে আটক করা হয়। আটক ওই ব্যক্তি দাবি করেছেন, তিনি কেন্দ্রে পোলিং এজেন্টের তালিকা দিতে এসেছিলেন। তবে ম্যাজিস্ট্রেট জানান, রাতে কেন্দ্রে তালিকা দেওয়ার কোনো বিধান নেই। পরে একই জায়গা হতে নাসিরুলের আরেক সহযোগী আব্দুল বারীকেও আটক করা হয়।
পলাশ চন্দ্র সরকার বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে প্রাথমিক মুচলেকা নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে জামায়াত নেতাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিনের দাবি, শুধুমাত্র পোলিং এজেন্টের নামের তালিকা দিতে তাঁদের কর্মীরা প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন।
কিন্তু সেখানে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে একটি মব বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে তাদের নেতাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন।
