ভোট দেওয়ার টানে শহর থেকে গ্রামে ছুটে এসেছে হাজারও মানুষ

ওসমান গনি বেড়া (পাবনা)
গণপরিবহন ও নদী পথে ভাড়ার নৈরাজ্য উপেক্ষা করে ভোট দেওয়ার জন্য এবার শহর থেকে গ্রামে ছুটে এসেছে হাজার হাজার মানুষ। আজ ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এ ভোট উপলক্ষে ১০,১১ ১২ ফেব্রুয়ারি সরকারি বেসরকারি অফিসে ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়াও ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সুযোগ পেয়েছেন সবাই। তাই ঘরমুখো মানুষের উপচে পড়া পদচারণায় জৌলুস ফিরে পেয়েছে গ্রাম গঞ্জের মাঠ – ঘাট সহ হাটবাজার।অনেক ভোটাররা বলেন, বিগত সরকারের আমলে দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে সুষ্ঠ ও স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারেনি।তবে বর্তমান অন্তর্বতী সরকার ও নির্বাচন কমিশন অবাধ,সুষ্ঠ নিরপেক্ষ ও স্বাধীনভাবে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের আশ্বাস দেওয়ায় দেশের অন্যান্য এলাকার মতো পাবনার বেড়া-সুজানগর উপজেলায়ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহর থেকে সড়ক ও নৌপথে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ পরিবার পরিজন নিয়ে যানবাহনে দ্বিগুণ ভাড়া দিয়ে গ্রামে এসেছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রদান করার জন্য। ভোট উপলক্ষে মানুষ গ্রামে মিলিত হওয়ায় এসব এলাকায় ঈদের মতন আমেজ বিরাজ করছে।বেড়া উপজেলার প্রাণকেন্দ্র সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের যাত্রী আমিনুল জানান , তিনি রাজধানীর গাবতলি থেকে সি-লাইন পরিবহনে ৫ শ টাকার ভাড়া ৮ শ টাকায় এসেছে । যানজটের কারণে ৪ চার ঘন্টার পথ ১০ ঘন্টায় আসতে হয়েছে তাঁর। উপজেলার কাজিরহাট- আরিচা নৌ-রুটের ফেরিঘাটের অনেক যাত্রীর সাথে কথা বলে জানা যায়,গণপরিবহনের সংকট আর দ্বিগুণ ভাড়ার নৈরাজ্যের কারণে শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, লঞ্চ, ইঞ্জিন চালিত নৌকায় চড়ে গন্তব্য স্থানে পৌঁছলেও অনেক ভোটাররা এখনো ঠিকঠাক মতো তাঁদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারেনি রাস্তাঘাট এবং বিভিন্ন পরিবহনে যানজটে পড়ে রয়েছে। আবার কেউ কেউ সড়ক ও নদী পথে ভাড়ার নৈরাজ্য থেকে রেহাই পেতে এবং জীবনের ঝুঁকি না নিয়ে ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়ে রাজধানী ঢাকা সহ নিজেদের কর্মস্থল বিভিন্ন জায়গায় রয়ে গেছেন।