ইমাম গাযযালীতে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

খালেদ আহমেদ :
পাবনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের তৃতীয় তলার তিনটি কক্ষে স্কুল শাখার শিক্ষার্থীরা দেড় শতাধিক বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় পাওয়া যায় এসব প্রকল্পে।
মেলায় উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে ছিল স্মার্ট হেলমেট উইথ জিপিএস সিস্টেম, ডিজিটাল সিটি, লাইট ইন স্ট্রিট, রিভার ক্লিনিং বোট ও ওয়াটার সাইকেলসহ নানা ধরনের উদ্ভাবনী প্রযুক্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বক্তব্য দিয়ে মেলার উদ্বোধন করেন পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রাবেয়া খাতুন ও মোকলেছুর রহমান, পাবনা জজ কোর্টের সাবেক সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট হাতেম আলী, মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক রাজু ইসলাম ওলি ও শফিকুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আইয়ুব হোসেন এবং গভর্নিং বডির সদস্য সামিউল ইসলাম।
গভর্নিং বডির সভাপতি আলহাজ আবুল কাশেমের উৎসাহে এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। মেলাটি সফল করতে বিজ্ঞান শিক্ষক আব্দুল মোস্তাফিজুর রহমান, মোঃ আসাদুজ্জামান, খালেদুর রহমান, মোবাশ্বেরা খাতুনসহ প্রতিষ্ঠানের সব শিক্ষক সহযোগিতা করেন।
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং বাস্তবভিত্তিক প্রযুক্তি সম্পর্কে আগ্রহ সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।