১৯ নভেম্বর ঐতিহাসিক পাবনা-ঢাকা সরাসরি রেল চলাচলের উদ্বোধন

খালেদ আহমেদ :
দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পাবনাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে পাবনাসহ সর্বস্তরের জনগণকে উদ্বোধনী অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ ও অনুরোধ জানিয়েছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিমুল বিশ্বাস বলেন, পাবনা-ঢাকা সরাসরি রেল চলাচলের শুভ উদ্বোধন জেলার যোগাযোগব্যবস্থার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। এ উদ্যোগের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ অর্জনকে আরও স্মরণীয় করে তুলবে।
তিনি পাবনাবাসীকে ঐতিহাসিক এ আয়োজনের অংশীদার হওয়ার আহ্বান জানান।