দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জোর দিচ্ছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
বর্তমানে দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার। আগামী বছর গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে মোট ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ বলেন, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। যুদ্ধের কারণে সারা বিশ্বে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে দেশে এ সংকট মোকাবিলায় একটি পথই খোলা রয়েছে, আর সেটি হলো সৌরবিদ্যুৎ। তিনি বলেন, সরকারের লক্ষ্য আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে মোট ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এটি সম্ভব হলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি আমাদের কৃষি অর্থনীতির উন্নয়নও অব্যাহত থাকবে। বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে সবাইকে উৎসাহিত করে ইকবাল হাসান মাহমুদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে। ব্যক্তি পর্যায়ে সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ বিষয়ে সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,ভ‚মিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনে সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের এমপি আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদসহ রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা প্রমুখ।@