কালিহাতীতে পরিচ্ছন্নতা, মাদক নির্মূল ও সবুজায়নে জোর দিলেন নবাগত ডিসি

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। পাশাপাশি সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, বায়োমেট্রিক হাজিরা চালু এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় কালিহাতী উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং ১১৮ জন গ্রাম পুলিশের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের সঞ্চালনায় সভায় স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম সহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।