ওসমান গনি বেড়া , পাবনা প্রতিনিধি:
মা-ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষ্যে পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত যমুনা নদীর নগরবাড়ী ঘাট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। বেড়া উপজেলা মৎস্য অফিসার মোঃ মোকাররম হোসেন এর নেতৃত্বে এবং নগরবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির একটি টিমের সার্বিক সহযোগিতায় সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়।
অভিযান সূত্রে জানা যায়, নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে আনুমানিক ২.৫ লক্ষ টাকা মূল্যের ৫৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এসব জাল থেকে উদ্ধার করা হয় প্রায় ৩ কেজি মা-ইলিশ। অভিযান পরিচালনাকালে ইলিশ শিকারের অপরাধে একজন নাবালককে আটক করা হয়। তবে বয়সের বিষয়টি বিবেচনায় নিয়ে মুচলেকা আদায়পূর্বক তাকে নিজ অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
পরবর্তীতে উপস্থিত লোকজনের সম্মুখে নগরবাড়ী ঘাটে জব্দকৃত সকল অবৈধ জাল পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মা-ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় সূত্রে জানানো হয়, মা-ইলিশ রক্ষায় ও প্রজনন মৌসুমে অবৈধ শিকার প্রতিরোধে যমুনা নদীতে এই ধরনের তদারকি ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
