গ্যাসের বিলাসিতা ছেড়ে গোবরের লাকড়িতে ফিরছেন সাধারণ মানুষ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
দফায় দফায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং বনজ সম্পদ কমে যাওয়ায় জ্বালানি সংকটে পড়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিম্ন আয়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। একসময় রান্নার কাজে গ্যাসের ওপর নির্ভরশীল অনেক পরিবার এখন বাধ্য হয়ে ঝুঁকছেন বিকল্প জ্বালানির দিকে। এর মধ্যে গোবরের তৈরি লাকড়ি বা ঘুঁটে হয়ে উঠেছে অন্যতম ভরসা। শুধু বসতবাড়িতে নয়, উপজেলার বিভিন্ন হাট-বাজারের চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁ ও ভ্রাম্যমান খাবারের দোকানেও বাড়ছে এর ব্যবহার।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় অনেক পরিবার রান্নার কাজে এলপিজি গ্যাস ব্যবহার করতেন। কিন্তু ধারাবাহিকভাবে গ্যাসের দাম বাড়তে থাকায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের পক্ষে সিলিন্ডার কিনে সংসারের ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। বর্তমানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা বলে স্থানীয়ভাবে জানা গেছে। ফলে গ্যাসের পরিবর্তে গোবরের লাকড়ি, কাঠের গুঁড়া, খড়ি ও অন্যান্য সহজলভ্য জ্বালানির দিকে ঝুঁকছেন তাঁরা।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনা থেকে শুরু করে পাড়া-মহল্লার রাস্তার দুই পাশে সারি সারি গোবরের লাকড়ি শুকাতে দেওয়া হয়েছে। পরিবারের গৃহিণীরা গরুর গোবর সংগ্রহ করে পাটকাঠি, ভুট্টার ডাঁটা, বাঁশের কঞ্চি ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করছেন এসব লাকড়ি। পরে রোদে শুকিয়ে নিজেদের রান্নার কাজে ব্যবহার করছেন। কেউ কেউ বাড়তি লাকড়ি স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করছেন।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চলের অধিকাংশ বাড়িতেই গরু পালন করা হয়। এসব গরুর গোবরের একটি অংশ জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। অন্যদিকে অনেকে গোবর দিয়ে লাকড়ি তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। বিশেষ করে শীত মৌসুমে গোবরের লাকড়ির চাহিদা তুলনামূলক বেশি থাকে। এতে একদিকে যেমন গোবরের ব্যবহার বাড়ছে, অন্যদিকে গ্রামীণ নারীদের জন্য তৈরি হচ্ছে বাড়তি আয়ের সুযোগ।

দহবন্দ ইউনিয়নের চায়ের দোকানদার বলেন, গ্যাসের দাম বেড়ে যাওয়ায় গ্যাস দিয়ে হোটেলের খাবার তৈরি করে এখন আর পোষায় না। তাই বাধ্য হয়ে গোবরের লাকড়ি, কাঠের গুঁড়া ও খড়ি ব্যবহার করতে হচ্ছে। প্রতিটি গোবরের লাকড়ি ২ থেকে ৩ টাকা দরে কিনতে হয়। জ্বালানি, চিনি, তেল, আটা, ময়দাসহ খাবার তৈরির সব উপকরণের দাম বেড়েছে। এভাবে চলতে থাকলে ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেরই ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।”

শোভাগঞ্জ মাঝিপাড়া গ্রামের শংকরী রানী বলেন, আগে গ্যাসের দাম কম থাকায় গ্যাস দিয়েই রান্না করতাম। কিন্তু দফায় দফায় দাম বাড়ায় এখন আর গ্যাস ব্যবহার করে সংসার চালানো সম্ভব হচ্ছে না। তাই নিজের গরুর গোবর দিয়ে লাকড়ি তৈরি করে রান্নার কাজ করছি। লাকড়ি তৈরিতে গোবরের সঙ্গে পাটকাঠি, ভুট্টার ডাঁটা, বাঁশের কঞ্চি ও কাঠের গুঁড়া ব্যবহার করি। এতে কিছুটা হলেও জ্বালানি খরচ কমছে।

দক্ষিণ ধুমাইটারী গ্রামের বাসন্তি বালা বলেন, আমি পাশের দুটি বাড়ির গোয়ালঘর পরিষ্কারের কাজ করি। সেখান থেকে গোবর সংগ্রহ করে লাকড়ি তৈরি করি। রাস্তার পাশে রোদে শুকিয়ে সেগুলো নিজের রান্নার কাজে ব্যবহার করি। বাড়তি লাকড়ি চায়ের দোকানেও বিক্রি করি। ইদানীং এর চাহিদা অনেক বেড়েছে। পুরো শীত মৌসুমে চাহিদা আরও বাড়বে বলে মনে হচ্ছে। তিনি জানান, ওই এলাকায় অন্তত ১০ থেকে ১২ জন নারী অন্যের বাড়ি থেকে গোবর সংগ্রহ করে লাকড়ি তৈরি করছেন। এতে তাঁদের সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয়দের মতে, গোবরের লাকড়ি তুলনামূলক কম খরচে পাওয়া যাওয়ায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে যেসব পরিবারে গরু রয়েছে, তারা নিজেদের গোবর দিয়েই জ্বালানির চাহিদার একটি অংশ পূরণ করতে পারছেন। আবার যাদের গরু নেই, তারা অন্যের বাড়ি থেকে গোবর সংগ্রহ কিংবা বাজার থেকে লাকড়ি কিনে ব্যবহার করছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল ইসলাম বলেন, গরুর গোবর জৈব সার, বায়োগ্যাস উৎপাদন এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতেই কমবেশি গরু পালন করা হয়। অনেকে গোবর দিয়ে লাকড়ি তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। বিশেষ করে শীতকালে এর চাহিদা অনেক বেশি থাকে।

সংশ্লিষ্টদের মতে, রান্নার গ্যাস ও অন্যান্য জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে গ্রামীণ জীবনে বিকল্প জ্বালানির ব্যবহার আবারও বাড়ছে। গোবরের লাকড়ি একদিকে যেমন নিম্ন আয়ের মানুষের রান্নার খরচ কমাতে সহায়তা করছে, অন্যদিকে গ্রামীণ নারীদের জন্য সৃষ্টি করছে বাড়তি উপার্জনের সুযোগ। তবে রান্নার কাজে গোবরের লাকড়ি ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখা এবং ধোঁয়া থেকে শিশু ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখাও জরুরি।