নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজে গিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন তিনি। এ সময় একটি ক্লাসে মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে জানতে চান মন্ত্রী। সেখানে একজন ছাত্রীকে দেখতে পেয়ে সংশ্লিষ্ট নারী শিক্ষকের কাছে জানতে চান, অন্য শিক্ষার্থীরা কোথায়। জবাবে ওই শিক্ষক জানান, কলেজটিতে মেয়েদের একটি ক্লাসে মোট ১৫ জন শিক্ষার্থী রয়েছে। তবে সেদিন উপস্থিত হয়েছে মাত্র একজন। এ সময় আরেক শিক্ষক জানান, ক্লাসের অন্য শিক্ষার্থীরা এখনো শ্রেণিকক্ষে প্রবেশ করেনি। পরে শিক্ষামন্ত্রী ক্লাস শুরুর সময় জানতে চাইলে শিক্ষকরা জানান, সাড়ে ১১টায় ক্লাস হওয়ার কথা। শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও শিক্ষার্থীদের অনেকে বাইরে অবস্থান করে। এ সময় আরেক শিক্ষক জানান, ক্লাসের অন্য শিক্ষার্থীরা এখনো শ্রেণিকক্ষে প্রবেশ করেনি। পরে শিক্ষামন্ত্রী ক্লাস শুরুর সময় জানতে চাইলে শিক্ষকরা জানান, সাড়ে ১১টায় ক্লাস হওয়ার কথা। শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও শিক্ষার্থীদের অনেকে বাইরে অবস্থান করে। শিক্ষকদের পক্ষ থেকে আরও জানানো হয়, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার আগ্রহ কম। অনেক সময় ফোন করে তাদের ক্লাসে আসতে বলতে হয়। শিক্ষকদের এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে বিড়ালদহ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, শিক্ষামন্ত্রী কোনো পূর্বঘোষণা ছাড়াই কলেজ পরিদর্শনে আসেন। সকাল ১১টা ৩৮ মিনিটের দিকে তিনি কলেজে প্রবেশ করেন এবং প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করেন। এ সময় সরাসরি চারতলায় গিয়ে শ্রেণিকক্ষগুলো পরিদর্শন করেন। অধ্যক্ষ আরও জানান, শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখে মন্ত্রী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করার নির্দেশ দেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর মূল কর্মসূচি ছিল নাটোরের এনএস কলেজে। রাজশাহী থেকে সড়কপথে সেখানে যাওয়ার সময় তিনি পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শন করেন। সেখানে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পান। তিনি আরও বলেন, বর্তমানে অনেক কলেজেই শিক্ষার্থী সংকট রয়েছে। যেসব বিষয়ে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, সেসব বিষয় বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে আগে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে মন্ত্রণালয়েও বিষয়টি জানানো হয়েছে। শিক্ষামন্ত্রীকেও এ সমস্যার কথা অবহিত করা হয়েছে। পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল প্রমুখ।#
