পাবনার বেড়ায় দুই মহল্লার ২ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩০

বেড়া পাবনা প্রতিনিধি :
পাবনার বেড়ায় ওয়ার্ডভিত্তিক ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, যদি পুলিশ ও স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক ও সাহসী ভূমিকা না থাকত, তবে বড় ধরনের রক্তক্ষয় ও বহু প্রাণহানির মারাত্মক ঘটনা ঘটতে পারত। জীবন বাজি রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত বেড়া পৌর এলাকার নাজিম বাজার সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকান ও অন্তত ১৫টি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহত হয় অন্তত ৩০ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া পৌর এলাকার বেড়া বিবি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে বেশ কিছুদিন ধরে ওয়ার্ডভিত্তিক ফুটবল প্রতিযোগিতা চলছিল। রোববার টুর্নামেন্টের খেলায় পৌরসভার ২ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে ফলাফল নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। এ সময়ই দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে ২ নম্বর ওয়ার্ডের সওদাগরপাড়া এবং ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম মহল্লার বাসিন্দারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুরো নাজিম বাজার এলাকা মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার মাঝে বেশ কিছু দোকানপাটে অগ্নিসংযোগের পাশাপাশি অন্তত ১৫টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলান্ট চাকমা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি চরম রূপ নিলে জীবনঝুঁকি উপেক্ষা করে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে নামেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্শ্ববর্তী সাঁথিয়া ও সুজানগর থানা থেকেও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দুই মুখোমুখি অবস্থানরত পক্ষের মাঝখানে দাঁড়ান এবং টানা দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, পুলিশ যদি সময়মতো চরম সাহস ও ধৈর্যের পরিচয় না দিত, তবে এই সংঘর্ষে দুই পক্ষের একাধিক তাজা প্রাণ অকালে ঝরে যাওয়ার প্রবল আশঙ্কা ছিল।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, “ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ও ঝুঁকিপূর্ণ থাকা সত্ত্বেও আমাদের পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ এবং এসআরবি মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।”
সংঘর্ষে আহত ব্যক্তিদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে ভাব থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।