ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা :

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর অভ্যন্তরীণ বিরোধ আরও জোরালো হয়েছে। চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন মাত্রা পায়। নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় সে সময় দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। এরই মধ্যে সম্প্রতি ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা এবার নিজেরাই বিভিন্ন ইউনিটের কমিটি ঘোষণা করেছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির আওতাধীন সাতটি ইউনিয়ন এবং পৌর বিএনপির আওতাধীন ওয়ার্ড কমিটিগুলো ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির এই অংশের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাতটি ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। অন্যদিকে পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল পৌরসভার ওয়ার্ড কমিটিগুলো ঘোষণা করেন। এ সময় উপজেলা বিএনপির স্বঘোষিত সদস্যসচিব সাহাব উদ্দীন সেন্টু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বিষ্টু সরকার , নান্নু রহমান, সদস্যসচিব আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ কয়েক’শ পদবঞ্চিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করেন, বছরের পর বছর তাঁরা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, মারধর ও মামলা-হামলার শিকার হয়েছেন। অথচ দলের দুঃসময়ে তাঁদের মূল্যায়ন না করে একটি সুবিধাবাদী গোষ্ঠীকে সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। দলের অস্তিত্ব রক্ষা এবং সাধারণ কর্মীদের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁরা নতুন কমিটি ঘোষণা করতে বাধ্য হয়েছেন বলে জানান।

এর আগে গত ২২ আগস্ট রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব খন্দকার মাকসুদুর রহমান মাসুদের স্বাক্ষরে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটিতে বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহ্বায়ক এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনকে সদস্যসচিব করা হয়।

একই সঙ্গে পৌর বিএনপির কমিটিতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমনকে সদস্যসচিব করা হয়। প্রায় এক মাস পর ২৫ সেপ্টেম্বর জেলা নেতারা উপজেলা কমিটিতে আরও ৪৮ জন এবং পৌর কমিটিতে ৩৭ জনকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন।

কমিটি গঠন নিয়ে নানা অভিযোগ তুলে পদবঞ্চিত নেতাকর্মীরা এর আগে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে ৩০ আগস্ট সন্ধ্যায় তাঁরা ২৪ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপি এবং ২২ সদস্যবিশিষ্ট পৌর বিএনপির পাল্টা কমিটি ঘোষণা করেন। ওই কমিটিগুলোতে অনুমোদনকারী হিসেবে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের পক্ষে স্বাক্ষর করেন পাবনা জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু।

সর্বশেষ নতুন করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি ঘোষণার মধ্য দিয়ে ঈশ্বরদী বিএনপির অভ্যন্তরীণ বিরোধ আরও বিস্তৃত হলো।