বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

ওসমান গনি, বেড়া (পাবনা)
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সামনে রেখে পাবনার বেড়া উপজেলার বইছে উৎসবের আমেজ। আগামী ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিক ভাবে শুরুহতে যাওয়া এই উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬৩টি মন্দির-মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য ইতোমধ্যে বেড়া উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে। এছাড়া বেড়া মডেল থানা ও আমিনপুর থানা পুলিশের পক্ষ থেকেও পূজা উদযাপন পরিষদ ও পূজা পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভা করেছে। পূজা মন্ডপগুলোর শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তাবেষ্টনী জোড়দার এবং পূজা সুষ্ঠুভাবে আয়োজনে বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয় এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার এ প্রতিবেদককে জানিয়েছেন। পূজা মন্ডপগুলো হচ্ছে, বেড়া পৌরসভায় ১৪টি,হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে ৯টি,কৈটোলা ইউনিয়নে ১টি, চাকলা ইউনিয়নে ২টি,নতুন ভারেংগা ইউনিয়নে ২টি, পুরান ভারেংগা ইউনিয়নে ৬টি,জাতসাকিনি ইউনিয়নে ১৩টি,রূপপুর ইউনিয়নে ৭টি,মাসুমদিয়া ইউনিয়নে ৯টি। অবশিষ্ট ঢালারচর ইউনিয়নে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছেনা বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।