দোগাছীতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

খালেদ আহমেদ :
পাবনার দোগাছীতে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ব্যবস্থাপত্র ও চশমা প্রদান করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পাবনা সদর উপজেলার ৮ নম্বর দোগাছী ইউনিয়ন পরিষদে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, সুজানগর এলাকা, পাবনা-১ অঞ্চল, ওয়েস্ট-২ ডিভিশন এ কর্মসূচির আয়োজন করে।
সকালে আলোচনা সভার মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন করেন ব্র্যাকের ঢাকা প্রধান কার্যালয়ের ডেপুটি প্রোগ্রাম হেড (প্রগতি) কফিল উদ্দিন আহম্মেদ। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ব্র্যাক মানুষের জন্য কাজ করে। এখানে মানুষকে সিরিয়াল অনুযায়ী সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা নিতে দেখে ভালো লাগছে। ভবিষ্যতেও এলাকার মানুষের জন্য এ ধরনের কাজ করতে পারব বলে প্রত্যাশা করি।
দোগাছী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার নায়েব আলী, পাবনা-১ প্রগতি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জাহিদুর রহমান এবং পাবনা-২ প্রগতি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম।
আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিজিওনাল কো-অর্ডিনেটর (এসএস লিড জেনারেশন) পারুল দাস।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ব্র্যাক বিভিন্ন মানবিক কার্যক্রমের পাশাপাশি ক্রেডিট প্লাস নিয়ে কাজ করে। এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শনে গেলে স্থানীয় বাসিন্দারা প্রায়ই চক্ষু চিকিৎসার জন্য আমাদের কাছে আবেদন জানান। যেহেতু ব্র্যাক এ ধরনের সেবা দিয়ে থাকে, তাই অর্থাভাবে যারা চিকিৎসা নিতে পারেন না, তাদের কাছে এ সুযোগ পৌঁছে দিতেই আমাদের এ উদ্যোগ। এখানে সবাই সিরিয়াল অনুযায়ী চিকিৎসাসেবা নিচ্ছেন।
রিজিওনাল কো-অর্ডিনেটর পারুল দাস বলেন, এলাকার অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। চোখে সমস্যা নিয়ে চিকিৎসা না করালে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এসব মানুষের পাশে দাঁড়াতেই ব্র্যাক এ ক্যাম্পের আয়োজন করেছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, ব্যবস্থাপত্র ও চশমা প্রদান করা হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (প্রগতি) হুমায়ুন কবির, সহকারী এলাকা ব্যবস্থাপক (প্রগতি) আরিফা খাতুন, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. ওসমান এবং উপজেলা হিসাব কর্মকর্তা শ্রী রামকৃষ্ণসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় চাম্পা খাতুন, জুব্বার মল্লিক, লাকী খাতুন, কাবিল হোসেন মাইজভান্ডারি ও বুলু ভান্ডারি জানান, তারা বিনামূল্যে চোখ পরীক্ষা করিয়েছেন এবং চশমা পেয়েছেন। ব্র্যাকের এ উদ্যোগকে তারা অত্যন্ত ভালো ও জনকল্যাণমূলক বলে উল্লেখ করেন।
আয়োজকদের তথ্যমতে, সকাল থেকেই রোগীদের উপস্থিতি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পে নারী-পুরুষের উপস্থিতিও বাড়তে থাকে। চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রথমে উপকারভোগীদের নাম, বয়স, ঠিকানা ও মোবাইল নম্বর নিয়ে নিবন্ধন করা হয়। পরে প্রত্যেককে একটি করে টোকেন দেওয়া হয়। টোকেনের ক্রমিক নম্বর অনুযায়ী সুশৃঙ্খলভাবে দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়।
ডা. জুবায়ের আজম, এমবিবিএস, সিসিডি (বারডেম) এবং তাঁর চার সদস্যের মেডিকেল টিম ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবির পিএ রিয়াজ মাহমুদ টোকেনের সিরিয়াল অনুযায়ী রোগীদের ডেকে চিকিৎসকের কাছে পাঠানোর দায়িত্ব পালন করেন।