চাটমোহরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে দ্বিতীয় দিনের মতো ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিলচলন,হরিপুর,মথুরাপুর ও মূলগ্রাম ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরআগে গত সোমবার বিকেল ৩টায় উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এসকল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আযোজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম,রবিউল করিম তারেক,এ এম জাকারিয়া,নজির সরকার,গোলজার হোসেন,জহুরুল মুন্সি,যুবদল নেতা গোলজার হোসেন,ফারুক হোসেন,তানভীর জুয়েল লিখন,ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম প্রমুখ। আজ বুধবার চাটমোহর পৌরসভা ও ডিবিগ্রাম ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা জানান,এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের এ উদ্যোগের সুফল যেন প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য পরিবারের কাছে পৌঁছে যায়,সে লক্ষ্যে স্বচ্ছতা,জবাবদিহিতা ও নিরপেক্ষতার সঙ্গে জরিপ কার্যক্রম পরিচালনার প্রত্যাশা করা হচ্ছে।