কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :হেমন্তের সকালে শিশিরভেজা ঘাস, হালকা কুয়াশা আর মিষ্টি রোদ প্রকৃতির এই পরিবর্তনই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠে মাঠে পাকা ধানের সোনালি শীষ, ঘরে ঘরে নতুন ধান তোলার প্রস্তুতি। অন্যদিকে খেজুরের রস সংগ্রহ ও পিঠা-পায়েস তৈরির অপেক্ষায় গ্রামীণ জনপদ সব মিলিয়ে টাঙ্গাইলে বইছে হেমন্তের নবান্ন উৎসবের আমেজ। তবে কৃষি উপকরণ যেমন সার, বীজ ও কীটনাশকের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রয়োজনের তুলনায় বাজারে কৃত্তিম সংকটের ফলে লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকরা।
টাঙ্গাইলের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন দোল খাচ্ছে পাকা ধানের সোনালি শীষ। কোথাও চলছে ধান কাটার প্রস্তুতি, আবার কোথাও নতুন ধান কেটে রোদে শুকিয়ে ঘরে তুলছেন কৃষক-কৃষাণীরা। নতুন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে শুরু হয়েছে নবান্নের উৎসব।
সরেজমিনে মাঠে গিয়ে কৃষাণীদের সাথে কথা বলে জানা যায়, নতুন ধান ঘরে তুলতে ধান কাটা থেকে শুরু করে মাড়াই ও শুকানো পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়। তারপরও পাকা ধানের মৌ মৌ গন্ধে মন ভরে যায়। এ সময় তাদের প্রতিটি কৃষক পরিবারে সীমাহীন আনন্দ বিরাজ করে।সারা বছরের খরচের জন্য ধান সিদ্ধ করে ঘরে উঠানো ছাড়াও কিছু ধান সিদ্ধ না করে শীতকালীন নানা ধরনের পিঠা তৈরীর জন্য রাখা হয়। শীতের শুরুতে গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজনদের নিয়ে নানা ধরনের পিঠা বানানোর ধুম পড়ে যায়। নাতি-নাতনি, ছেলে-মেয়েদের জন্য নানা ধরনের পিঠা তৈরি করেন তারা। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন তারা।
নজরুল নামে এক কৃষক জানান,আমন ধানের চারা রোপনের পর থেকে সার-কীটনাশক ব্যবহার করে দীর্ঘ পরিচর্যার পর ধান কাটার মৌসুম আসে। যখন মাঠের ধানের শীষ গুলো সোনালী রং ধারণ করে মৃদু বাতাসে দোল খায় তখন আনন্দে মেতে উঠেন তারা। এ সময় গ্রামের বাড়ি বাড়ি শুরু হয় নবান্নের উৎসব। নতুন ধানের পিঠা পায়েস তৈরি করে আত্মীয়-স্বজনদের দাওয়াত দেওয়া গ্রামের একটা প্রাচীন রীতি। অবশিষ্ট ধানের কিছু অংশ বিক্রি করেন, আর বাকিটা পরিবারের খাবারের জন্য সংরক্ষণ করে রাখেন।
তবে হেমন্তের আগমন উপলক্ষে কৃষকের আনন্দ-উৎসবের আড়ালে লুকিয়ে রয়েছে কিছু গ্লানি। সার, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। ফলে নতুন ধান ঘরে তুলেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
কৃষক আব্দুল জলিল জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আমন ধানের ফলন খুব ভালো হয়েছে কিন্তু সার ও কীটনাশকের দামবৃদ্ধি প্রয়োজনীয় উপকরণের কৃত্তিম সংকটের কারণে লোকসানের শঙ্কা করছেন তিনি।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো, আশেক পারভেজ জানান,চলতি বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১লাখ ৪ হাজার ৫ ৯০ হেক্টর জমিতে কিন্তু চাষাবাদ হয়েছে ১লাখ ৬ হাজার ৪০হেক্টর জমিতে। এছাড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৫৯০ মেট্রিক টন। মাঠ পর্যালোচনায় জানা যায় এ পর্যন্ত বিশ শতাংশ জমির ফসল কাটা হয়েছে। পুরো ধান কাটা শেষ হলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
