সাঁথিয়ায় ভীমরুলের কামড়ে ২ শিশুর মৃত্য

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তারা ভিমরুলের কামড়ে আহত হয়েছিল।
উপজেলার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া দুই শিশু হলো- উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) ও একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪) ।

জানা যায়, গত মঙ্গলবার বিকেলে খেলতে গিয়ে তারা একটি ভিমরুলের বাসা দেখতে পেয়ে পাটখড়ি দিয়ে খোঁচা দেয়। ভিমরুলের দল কামড় দিলে তারা গুরুতর আহত হয়। তাদের চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে আহত দুই শিশু মারা যায়।