আগৈলঝাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো দুই স্কুলছাত্রীর বাল্যবিবাহ: জরিমানা আদায়

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণীর দুই স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক দুটি ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়। এ ঘটনায় ওই দুই পরিবারের সদস্যদের জরিমানা করার পাশাপাশি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়েদের বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার রাজিহার গ্রামের আব্দুর রহমানের মেয়ের বিয়ের আয়োজন করা হয়। ওই শিক্ষার্থী রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধের উদ্যোগ নেন। আগৈলঝাড়া থানার এসআই আল-আমিন খালাসি, গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বিয়ের আয়োজন বন্ধ করা হয়।
এ ঘটনায় তথ্য গোপন করে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি এবং অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করার অপরাধে ছাত্রীর বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিয়েতে মেহমানদের জন্য তৈরি করা খাবার নিকটবর্তী এতিমখানায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
একই দিন উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে আরেকটি বাল্যবিবাহের আয়োজন করা হয়। ওই গ্রামের আবুল কালাম মাতুব্বরের ছেলে শওকত মাতুব্বরের সঙ্গে একই এলাকার মো. ইউসুফ মিয়ার মেয়ে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তারের (১৫) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হলে বরপক্ষ ও বিয়ের সঙ্গে সংশ্লিষ্টরা পালিয়ে যান। পরে বরের ভাই আল আমিন মাতুব্বর ও কিশোরীর নানীকে পাওয়া যায়। এ ঘটনায় তাদের ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রয়েছে। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের আয়োজন করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি এ ধরণের সামাজিক অপরাধ প্রতিরোধে অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বাণ জানানো হয়েছে।