আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় রাজিহার গ্রামের একটি ফসলি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেয়ার পরও প্রশাসনের নিষ্ক্রিক্রয়তায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। গত কয়েকদিন ধরে প্রকাশ্যে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে একটি প্রভাবশালী চক্র এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগকারী লোকমান ফকির জানান, গত কয়েকদিন যাবৎ রাংতা গ্রামের আবু কালাম মাতুব্বরের ছেলে বালু ব্যবসায়ী আলামিন মাতুব্বর রাজিহার গ্রামের একটি জমিতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। এখানে প্রায় ৩শ’ একর জমি রয়েছে। এই জমির পাশে হাজার হাজার পানের বরজ, মাছের ঘেরসহ ফসলি জমি রয়েছে। এই এলাকার কৃষকরা ইরি ধান, পানের বরজ, মাছ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে। অভিযুক্ত আলামিন মাতুব্বর এই ইরি ব্লকের জমির মধ্যে বালু উত্তোলন করায় আমার জমিসহ আশপাশের জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই জমি থেকে বালু উত্তোলনের ফলে আশ পাশের কোন জমিই চাষাবাদ করার
উপযোগী থাকবে না। আমিসহ স্থানীয় কৃষকরা বালু উত্তোলনে বাঁধা দিলে আলামিন মাতুব্বর অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করে। পরে আমি গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করি।
এলাকাবাসী জানান, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ ও ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ এবং অপসারণ করতে হবে। এছাড়া দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে জমির আশপাশে ব্যাপক ভাঙনের ফলে ফসলি জমি ও জনজীবন মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে, যা বড় ধরনের মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত সাপেক্ষে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
