হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদান মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের ‘স্কুল লেড কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রিস্ক’ (এসএলসিআরডিসিআর) প্রকল্পের মাধ্যমে, মুসলিম এইড ইউকে বাংলাদেশের ফিল্ড অফিসের সহায়তায় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব সরকারের সভাপতিত্বে মহড়ার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় মহড়া প্রদর্শন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা খান মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ, চণ্ডীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম, এসকেএস ফাউন্ডেশনের উপপরিচালক খন্দকার জাহিদ সরওয়ার সোহেন, কো-অর্ডিনেটর মো. আশরাফুল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ পরিচালক সাবিনা ইয়াসমিন এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশের ফিল্ড অফিসের প্রতিনিধি প্রসেনজিৎ রায়।
এ সময় প্রকল্পের আওতাভুক্ত উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, দুইজন করে শিক্ষক এবং ১০ জন করে ডিআরআর চ্যাম্পিয়ন ও স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রায় আধা ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মহড়ায় গ্রামবাংলার অতীত-ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির পাশাপাশি দুর্যোগকালীন বিভিন্ন পরিস্থিতি এবং তা মোকাবিলায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। মহড়ায় শতাধিক কর্মী ও স্বেচ্ছাসেবক অংশ নিয়ে নিজ নিজ কলাকৌশল প্রদর্শন করেন।
চমৎকার এ মহড়া দেখতে শিক্ষার্থীসহ প্রায় দেড় হাজার মানুষের সমাগম ঘটে। এ সময় বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
