কামরুল হাসান, টাংগাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষার প্রতি তাদের আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় ইভটিজিং,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর এবং অপরাধীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান বক্তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।
করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা সৈয়দ জাদিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার সরোয়ার আশরাফি।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, নারী প্রতিনিধি, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।
সভায় বক্তারা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
