কালিহাতীতে মোবাইল কোর্টে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা, মাদক মামলায় ৪ জনের কারাদণ্ড

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বালু উত্তোলন, মাটি ব্যবস্থাপনা, ইটভাটা ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) গোহালিয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে তিনজনকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় যোকারচর এলাকার চান মাহমুদের ছেলে মাসুদ রানাকে ১ লাখ টাকা এবং দেবুগাতি, গোহালিয়াবাড়ি এলাকার মোকাদ্দেছ আকন্দের ছেলে শাহাজ্জামালকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর আওতায় গোহালিয়াবাড়ি এলাকার মৃত মইন উদ্দিনের ছেলে আ. ছালামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় কালিহাতী এলাকার মো. সিদ্দিকের ছেলে বিলালকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, দক্ষিণ বেতডোবা এলাকার রশিদের ছেলে ফারুককে ১০০ টাকা অর্থদণ্ড ও ২ মাসের কারাদণ্ড, সাতুটিয়া এলাকার ফজলুর ছেলে রতনকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১ মাসের কারাদণ্ড এবং সাতুটিয়া এলাকার বাদশা মিয়ার ছেলে জোয়াহেরকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, মাটি ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনহীন ইটভাটা পরিচালনা ও মাদকদ্রব্যের ব্যবহার রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।