কামরুল হাসান, টাংগাইল পতিনিধি: মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আপসহীন রাজনৈতিক আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরা যদি সত্যিই মাওলানা ভাসানীকে শ্রদ্ধা করি, তাহলে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিস্টের সঙ্গে আপস করতে পারি না।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, স্বার্থের কাছে আপস না করার ক্ষেত্রে মাওলানা ভাসানীর যে পরিচিতি, তা তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য। ভাসানী একবার বলেছিলেন, ‘আপস করলে পিঠ থাকবে না।’ তাঁর এই বক্তব্য অন্যায়ের কাছে মাথা নত না করার দৃঢ় অবস্থানকে তুলে ধরে।
তিনি আরও বলেন, ‘আমরা যদি মজলুম জননেতা মাওলানা ভাসানীকে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং তাঁকে মানুষের পক্ষের মানুষ হিসেবে গণ্য করি, তাহলে তাঁর শিক্ষাগুলো আমাদের জীবনে কাজে লাগাতে হবে। তাঁকে যদি সত্যিই শ্রদ্ধা করে থাকি, তাহলে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিস্টের সঙ্গে আপস করতে পারি না।’
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান দুদু ও আব্দুস সালাম পিন্টু, বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সংস্কৃতিবিষয়ক সম্পাদক সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির।
স্মরণসভা শুরুর আগে অতিথিরা মাওলানা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তাঁর ম্যুরাল উদ্বোধন করেন নজরুল ইসলাম খান।
এদিকে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সকালে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমানের নেতৃত্বে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া ভাসানী পরিবার, টাঙ্গাইল প্রেস ক্লাব এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৮টায় তবারক বিতরণ এবং বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে ১৫ নভেম্বর ‘মাওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া তাঁর জীবন ও কর্মভিত্তিক ২৫ মিনিটের প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সপ্তাহব্যাপী ভাসানী মেলার আয়োজন করা হয়।
