শেরপুরের নকলায় মাদকসহ আটক বিএনপি সভাপতির ছেলে রানা

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ মো. রানা মিয়া (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ৪নম্বর গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই তারিকুল, এসআই এমদাদ ও এসআই মামুনসহ পুলিশের একটি দল অংশ নেয়।

আটক রানা মিয়া উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামের ভাতিজা বলে জানা গেছে।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌড়দ্বার বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ রানা মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।