শেরপুরে শাপলা ফুলের প্রলোভনে ৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলায় শাপলা ফুল তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর আরমান আকন্দকে (১৬) গ্রেফতার করে।
গ্রেফতার আরমান আকন্দ শ্রীবরদী উপজেলার শেখদী আকন্দ বাড়ি গ্রামের সোলায়মান আকন্দের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে স্থানীয় বইশা বিল থেকে শাপলা ফুল তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে মাটিয়াকুড়া গ্রামের নুরুল ইসলামের বসতবাড়ির একটি পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে যায় আরমান। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা শনিবার গভীর রাতে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ জানান, শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করা হবে। এরপর আদালতে তার জবানবন্দি রেকর্ডের জন্য নেওয়া হবে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে আরমান আকন্দকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত কিশোরকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।