আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, বর্তমান বিশ্বে নৈতিকতা ও আদর্শের যে সংকট চলছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শই হতে পারে আমাদের সর্বোত্তম পথের দিশা। তাঁর সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা ও মানবিকতার শিক্ষা অনুসরণ করলেই ব্যক্তি ও সমাজজীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে মানুষ এগিয়ে গেলেও নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয় সমাজে অশান্তি বাড়াচ্ছে। হিংসা, বিদ্বেষ, অন্যায় ও স্বার্থপরতা থেকে মুক্তি পেতে কুরআন-সুন্নাহ ও রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবনাদর্শ অনুসরণ করতে হবে।
পীর ছাহেব কেবলা আরও বলেন, “নবীজি (সাঃ)-এর আদর্শ শুধু ধর্মীয় জীবনের জন্য নয়; পরিবার, সমাজ ও মানুষের সঙ্গে আচরণ—জীবনের প্রতিটি ক্ষেত্রেই তাঁর জীবন আমাদের জন্য অনুসরণীয়।” তাই নবীপ্রেম শুধু মুখের কথায় নয়, তাঁর সুন্নাহ ও চরিত্রকে জীবনে ধারণ করার মধ্যেই এর প্রকৃত প্রকাশ।
তিনি আগামী প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি নবীজি (সাঃ)-এর আদর্শ, নৈতিকতা ও আদব-আখলাকের শিক্ষা দেওয়ার আহ্বান জানান।
১৬ আগস্ট, রবিবার, পটুয়াখালীর দুমকী উপজেলার পাংগাশিয়া রাজগঞ্জ দীনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন ও ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)-এর ২য় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈছালে ছাওয়াব, ওয়াজ, মীলাদ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
মাহফিলে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মামুনুল হক, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ মফিজ উদ্দীন, মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।
