ওসমান গণি, বেড়া প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় নিজ বসতঘর থেকে মোছাঃ সুবর্ণা খাতুন (১১) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার চর সাঁড়াশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা উপজেলার চর সাঁড়াশিয়া গ্রামের মোঃ শওকত আলী ও মোছাঃ আলেয়া খাতুনের মেয়ে। সে চরনাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে পরিবারের সবার অগোচরে নিজ বসতঘরের ডাবের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সুবর্ণা। সংবাদ পেয়ে বেড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সুরতহাল প্রস্তুতকালে নিহতের গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ পরিলক্ষিত হয়।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শিশুটি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। প্রায় এক বছর আগেও সে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। মানসিক সমস্যার কারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
