নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
আদিবাসী ধাত্রীদের সম্মান জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। গতকাল রোববার (৯ আগস্ট) সকালে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে নগরীর আলুপট্টি মোড় থেকে সাংস্কৃতিক শোভাযাত্রা বের করা হয়। পরে সাহেববাজার জিরোপয়েন্টে এসে মুন লাইট গার্ডেন কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় বক্তারা বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা, সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা, জাতীয় সংসদে সংরক্ষিত আসন, পৃথক ভূমি কমিশন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি তুলে ধরেন। আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ ও ভূমি দখল বন্ধ এবং এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করারও দাবি জানানো হয়। এসময় আলোচনা সভায়রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
