চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারে কৃষকদের কাছে সার বিক্রি না করে ৮০ বস্তা সার অন্য গুদামে মজুদ রাখার দায়ে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মজুদ রাখা ৮০ বস্তা সার কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান।
এ সময় চাটমোহর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ছাইকোলা বাজারে তালিকাভুক্ত সার ডিলাররা কৃষকদের মধ্যে সার বিক্রি কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের গুদামে ৮০ বস্তা সার মজুদ থাকা সত্ত্বেও তা কৃষকদের কাছে বিক্রি না করে অন্য গুদামে রাখা হয়েছিল। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
কৃষি কর্মকর্তা কৃষিবীদ কুন্তলা ঘোষ জানান, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
