ওসমান গনি বেড়া (পাবনা)
পাবনার বেড়া উপজেলার দূর্গম চরাঞ্চলে বন জঙ্গল ঘেরা ৩ শতাধিক বিঘা পতিত জমিতে সবজি জাতীয় ফসল শসা চাষ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন প্রায় অর্ধশত কৃষক। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন এসব জমি থেকে প্রায় ৪০০-৫০০ মণ শসা তুলে প্রতি মণ শসা ৭০০- ৮০০ টাকা দরে আড়তে পাইকারি ভাবে বিক্রি করে লাখ লাখ টাকা ঘরে তুলছেন প্রকল্পের কৃষকরা। জানা যায়, উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের যমুনা নদীর পূর্বপাড়ে পেচাকোলা এবং চক নয়ানপুর মৌজায় প্রায় ৩৫০ বিঘা পতিত জমিতে এ শসার চাষ হয়েছে। এ প্রকল্পে নারী-পুরুষ মিলে প্রায় ২০০ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সরেজমিনে চরাঞ্চলে শসা প্রকল্প পরিদর্শনে গেলে কথা হয় কৃষক মো.শিহাব ফকিরের সঙ্গে। তিনি জানান, জেলার ফরিদপুর উপজেলার শ্রী গোবিন্দপুর গ্রাম থেকে তারা ৬ টি দলে প্রায় অর্ধশত কৃষক এই এলাকায় এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় বন জঙ্গলে ঘেরা তিন শতাধিক পতিত জমি যান্ত্রিক মেশিনের সাহায্যে পরিষ্কার করে চাষের উপযোগী করে ভাদ্র মাসের শেষের দিকে এসব জমিতে হাইব্রিড শসার বীর বপণ করেন।আরেক কৃষক আলীম ফকির বলেন, বীজ বপণের চল্লিশ দিনের মধ্যে গাছে শসা ধরতে শুরু করেছে।তিনি আরও বলেন, শসার খেত পরিচর্যা করা সার বীজ কীটনাশক দেওয়া গাছ থেকে শসা তোলার জন্য প্রায় ২০০ জন নারী পুরুষ শ্রমিক হিসেবে প্রতিদিন কাজ করছেন। মহিলা শ্রমিক প্রতিদিন ৪০০ টাকা ও পুরুষ শ্রমিক প্রতিদিন ৬০০ টাকা হারে মজুরি দিতে হচ্ছে। হাজী আবুসামা নামে কৃষক বলেন, প্রতিদিন এসব শসার খেত থেকে কমপক্ষে ৪০০ মণ করে শসা তুলে নিজস্ব নৌকাযোগে নাকালিয়া ও পেচাকোলা নদীর ঘাটে নিয়ে এসে ট্রাক ও ট্রলির মাধ্যমে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় লাহিড়ী মোহনপুরের চাকসা ও চরপাড়া আড়তে পাইকারি দরে বিক্রি করা হয়। তিনি বলেন প্রতি মণ শসা বর্তমানে ৭০০- ৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এখান থেকে বেপারিরা দেশের বিভিন্ন জেলা শহরে এ শসা নিয়ে যাচ্ছেন। শসা চাষে প্রতি বিঘা জমিতে কি পরিমাণ খরচ হয় জানতে চাইলে আরেক কৃষক জুলু প্রাং জানান, প্রতিবিঘা জমি লিজ নেওয়া বাবদ গড়ে ৫ হাজার টাকা করে দিত হয়েছে জমির মালিকদেরকে।তাছাড়া বন জঙ্গল কেটে পরিষ্কার করা বীজ সার কীটনাশক ও নিজেদের থাকা খাওয়া দাওয়া শ্রমিকদের মজুরি ও অন্যান্য খরচ ধরে প্রতি বিঘা জমিতে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত খরচ পড়েছে। তিনি বলেন এত টাকা খরচ হলেও প্রতি বিঘা জমিতে কমপক্ষে এক থেকে দেড়লাখ টাকার শসা বিক্রি নামবে বলে তিনি জানান। শসা প্রকল্পের কর্মরত শ্রমিক সোহেল, মিরাজ, মাসুদ, মহিলা শ্রমিক নুর জাহান, মাবিয়া, তারাবানু, সহ আরও অনেকে বলেন, প্রতিদিন তারা এসব শসার খেতে ২ শতাধিক শ্রমিক খেত পরিচর্যা সহ গাছ থেকে শসা তোলার কাজ করে জীবিকা নির্বাহ করছেন।চর অঞ্চলের শসার আবাদ সম্পর্কে জানতে চাইলে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর বলেন, অন্য উপজেলা থেকে কৃষকরা এসে বেড়ার চরাঞ্চলে শসার প্রকল্প করেছে আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তবে এমনিতেই চরাঞ্চলের উর্বর মাটি শসা চাষের উপযোগী। প্রকল্পের কৃষকরা কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখলে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি এ প্রতিবেদককে জানান।
