ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভবিষ্যৎ নির্মাণে তরুণ উদ্ভাবক ও গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।
তিনি বলেছেন, উদীয়মান তরুণ উদ্ভাবক ও গবেষকদের হাত ধরেই বাংলাদেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রযাত্রার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (AUST) অধ্যাপক ড. এমএইচ খান অডিটোরিয়ামে ‘SILICON RIVER NEXT 2026’ শীর্ষক সম্মাননা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলিকন রিভার স্টুডেন্ট ব্রাঞ্চ ও AUST EEE Society যৌথভাবে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব তরুণদের আন্তর্জাতিক মানের প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি বলেন, আগামী দিনের ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সম্মেলন তরুণ গবেষকদের নতুন প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (BSIA) সভাপতি ও নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারড্যু বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের অধ্যাপক ও প্রধান স্থপতি ড. মুহাম্মদ মোস্তফা হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক।
দিনব্যাপী আয়োজনে ‘CREST Fellows 2026’-এর বিদায়ী সংবর্ধনা, ‘CREST Fellows 2027’-এর নবীনবরণ, ‘CES 2027’-এর চূড়ান্ত প্রতিযোগীদের সম্মাননা, ‘YCRC’-এর আনুষ্ঠানিক ঘোষণা এবং ‘Silicon River Student Branch’-এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
