যমুনা নদীতে গোসল করতে নেমে পাবনায় দুই স্কুলছাত্র নিখোঁজ

ওসমান গনি বেড়া , ​পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাজিরহাটের নটাখোলা ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​নিখোঁজ কিশোরেরা হলো— টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধণতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে রাতুল রায় (১৫) এবং পাবনার দিলালপুর এলাকার মিঠুলাল সরকারের ছেলে প্রভাত সরকার (১৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই কিশোর পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকার শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির কাছের যমুনা নদীতে তারা গোসল করতে নামলে নদীর তীব্র স্রোতে দুজনই ভেসে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।

​ঘটনার পর থেকে এলাকা ও দুই পরিবারের মধ্যে গভীর শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। সর্বশেষ সন্ধ্যা ৭টা পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি, তবে উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।