চাটমোহরে খুনি মমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও পথসভা

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে ০৯ জুন মঙ্গলবার ভেজাল দুধ ব্যবসায়ী মমিন ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক গ্রামবাসীর উপরে সন্ত্রাসী হামলা এবং হামলার ঘটনায় নিহত হাশেম প্রামাণিকের হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে নিহত হাশেম প্রামাণিকের পরিবার, গ্রামবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভেজাল দুধ উৎপাদনের তথ্য প্রশাসনকে দেওয়ার অভিযোগে মমিন এলাকায় সন্ত্রাসীদের নিয়ে এসে নিরীহ গ্রামবাসীর উপর আক্রমণ চালিয়ে হাসেম প্রামাণিক সহ বেশ কয়েকজনকে মারপিট করে গুরুতর যখম করেন। আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। একই সাথে মমিন আহতদের পরিবারকে হুমকিধামকি প্রদান করতে থাকে। এ অবস্থায় হাসেম প্রমানিক মৃত্যুবরণ করলে তাড়াহুড়া করে থানা পুলিশ মামলা গ্রহণ করলেও মামলার প্রধান আসামি এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে।
মানববন্ধনে বক্তব্য দেন, হাসেম প্রামানিক এর ছেলে মোঃ সজিব প্রামানিক, ছোট ভাই সাইজুদ্দিন প্রামানিক, বড় ভাই সাইদুর প্রামানিক, মহরম প্রামানিক, আলহাজ্ব প্রামানিক, রবিউল প্রামানিক, বোন সেলিনা খাতুন, স্ত্রী জহুরা খাতুন, ছেলে সিদ্দিক, মেয়ে তৈয়্যবা, জাহাঙ্গীর সরকার, লালন প্রামানিক, নাঈম খলিফা, বোন আন্না খাতুন প্রমুখ।